প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2026 ইং
সাতকানিয়ার বন্যার্ত মানুষের পাশে বোনানজা ক্লাব ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন

চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বোনানজা ক্লাব ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। যৌথ উদ্যোগে সংগঠন দুটির স্বেচ্ছাসেবকেরা দুর্গম ও পানিবন্দী এলাকায় গিয়ে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
স্বেচ্ছাসেবকেরা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কোথাও বুকসমান, কোথাও কোমরসমান, আবার কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় বহু পরিবার কয়েক দিন ধরে চরম দুর্ভোগে পড়েছে। অনেক ঘরে টানা তিন থেকে চার দিন পর্যন্ত খাবার পৌঁছানো সম্ভব হয়নি। এমন প্রতিকূল পরিস্থিতিতেও স্বেচ্ছাসেবকেরা নৌকা ও পায়ে হেঁটে দুর্গম এলাকায় পৌঁছে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেন।
সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, শুভানুধ্যায়ীদের সমর্থন এবং স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমের ফলে এই মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।
দিনব্যাপী পরিচালিত সাতকানিয়া ত্রাণ কার্যক্রমে স্থানীয় শুভানুধ্যায়ীরা সময়, পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন। এ জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আয়োজকরা।
বোনানজা ক্লাব ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, মানবিক এই উদ্যোগে সম্পৃক্ত সকল স্বেচ্ছাসেবক, দাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাঁদের আশা, সম্মিলিত প্রচেষ্টায় বন্যাকবলিত মানুষ দ্রুত দুর্ভোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট